Views: 1

দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ মনোনীত ‘ক’ প্যানেলের প্রার্থী ইমাম মেহেদী। ভোট গণনা শেষে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। মোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১০৫৪ ভোট পেয়ে বিজয় ছিনিয়ে আনেন ইমাম মেহেদী। প্রায় ২৯০০ ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম মেহেদী এই জয়কে ব্যক্তিগত অর্জন নয় বরং রাজশাহীর সাধারণ ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি তাকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে চেম্বারের কার্যক্রমকে গতিশীল করতে তিনি তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন। এর মধ্যে রয়েছে চেম্বারকে একটি আধুনিক ও ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া ব্যবসায়িক লেনদেন ও ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণকে তিনি অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজশাহীর ব্যবসায়ীরা দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, ইমাম মেহেদীর মতো তরুণ ও উদ্যমী নেতৃত্বের হাত ধরে রাজশাহীর বাণিজ্যিক স্থবিরতা দূর হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় নতুন এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং রাজশাহীতে একটি আধুনিক ও গতিশীল বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করবে বলে সাধারণ ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন।