Views: 0

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০১৯ সালের একটি আলোচিত হ’ত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল মাতুব্বর নগরকান্দা থানার বাবুর কাইচাইল এলাকার মৃ’ত সাহেদ আলী মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা থানার ২০১৯ সালের ১১ আগস্ট রুজু হওয়া একটি হত্যা মামলার (এফআইআর নং-০৯/১৯০) বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রেজাউলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই সে সুকৌশলে আ’ত্মগোপনে ছিল। দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ (ওসি) জনাব রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযানে নামে।
নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস, এএসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং এএসআই মোঃ শরিফুল ইসলামসহ পুলিশের বিশেষ টিমটি শনিবার বিকাল ৪:১৫ ঘটিকার সময় বাবুর কাইচাইল এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় সাজা পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল, যেখানে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
থানা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নগরকান্দা থানা মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান এবং নজরদারি ভবিষ্যতে আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।