Views: 3

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় যানজট নিরসন এবং সড়ক সংস্কার কাজের সার্বিক তদারকিতে সরেজমিনে মাঠে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। টঙ্গীর চেরাগআলী বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকার জনদুর্ভোগ লাঘবে তিনি তাৎক্ষণিক রিকশা নিয়ন্ত্রণ এবং সড়কের খানাখন্দ সংস্কারের কঠোর নির্দেশনা প্রদান করেছেন। জানা যায়, টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের কাঁঠালদিয়া এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে ফেরার পথে চেরাগআলী এলাকায় তীব্র যানজট ও সড়কের বেহাল দশা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং তার নির্দেশনার পরপরই সড়ক সংস্কার ও যানবাহন নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রশিদ খান (কালা) এবং টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সোহেল সিদ্দিকী। তারা স্থানীয় যানজটের কারণসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন এবং বিশেষ করে রিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলমান নির্মাণ কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়। পরিদর্শন চলাকালীন সিটি প্রশাসক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে সরাসরি কথা বলে তাদের প্রতিদিনের দুর্ভোগের কথা শোনেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে চেরাগআলী এলাকার যানজট নিরসন এবং জনভোগান্তি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।