Views: 3

রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (০৪ এপ্রিল ২০২৬ খ্রি.) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে মোঃ হামিদুল হক (৪২) এবং আলাইপুর মধ্যপাড়া গ্রামের মৃত খাদেম আলীর ছেলে মোঃ চপল আলী (৩৭)।
অভিযান সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ বাঘা থানাধীন আলাইপুর মাদ্রাসা মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জনৈক মো: ইয়ার উদ্দিন মোল্লা এর বসত বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দলটি ভোর ৫টার দিকে নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হামিদুল ও চপলকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় হামিদুল হকের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৩০ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চপল আলীর বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। জেলার মাদক নির্মূল অভিযানে এই গ্রেফতার বড় ধরণের ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।