Views: 0

রাজশাহীর বাঘা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং দিনটিকে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন নিশ্চিত করতে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পহেলা বৈশাখের সার্বিক প্রস্তুতি, বিস্তারিত কর্মসূচি নির্ধারণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল, প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনব চৌধুরী। এছাড়া মৎস্য অফিসার তাহেরা হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) সিদ্দিকুর রহমান ও শিক্ষা অফিসার মীর মামুনুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ সভায় আরও অংশ নেন পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল, বন সংরক্ষক (অ.দা.) মাহবুব ইসলাম, নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী এবং সমবায় অফিসার শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে বাঘায় আয়োজন করা হবে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। গ্রামীণ লোকজ সংস্কৃতির এই মিলনমেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন, হিসাবরক্ষণ অফিসার জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনে একাত্মতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের এমন সুশৃঙ্খল ও উৎসবমুখী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।