Views: 1

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন সতেরো বাড়ি চিশতীয়া নিজামীয়া দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩৬ তম বার্ষিক পবিত্র মিলন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশেকানে পীর ও তরীকতপন্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ। ২২শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশেষ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সতেরো বাড়ি চিশতীয়া নিজামীয়া দরবার শরীফের পীরে কেবলা হযরত খাজা শাহ মুহাম্মদ মাসুদুর রহমান চিশতী।
তিনি তার বক্তব্যে আধ্যাত্মিক সাধনার গুরুত্ব এবং মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণে অলি-আউলিয়াদের দেখানো পথের আবশ্যকতা তুলে ধরেন। পীর সাহেব আরও উল্লেখ করেন যে, পথভ্রষ্ট মানুষের সঠিক দিকনির্দেশনা লাভের আশ্রয়স্থল হলো দরবার এবং আউলিয়াগণ চিরকালই মানবের কল্যাণে আধ্যাত্মিকভাবে জাগ্রত থাকেন।
এবারের মিলন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য অধিদপ্তরের সচিব এফ.এম. তৌহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদ গাজীপুর ও কিশোরগঞ্জ শাখার কো-অর্ডিনেটর জনাব শাহজাহান মন্ডল। এছাড়াও দেশবরেণ্য মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং হাজারো ভক্ত ও মুরিদান এই পবিত্র মিলন মেলায় অংশগ্রহণ করেন। মাহফিল উপলক্ষে পুরো দরবার এলাকা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। যদিও আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এবার ঐতিহ্যবাহী বাউল গান ও সামা সংগীতের আয়োজন থেকে বিরত থাকা হয়েছে।
আজ ২৩শে ফেব্রুয়ারি সোমবার মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের মিলন মাহফিলের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠান শেষে তবারক বিতরণের মাধ্যমে ভক্তদের মাঝে আনন্দ ভাগ করে নেওয়া হয় এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে মাহফিল সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলে সন্তোষ প্রকাশ করেছেন।