Views: 1

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শনে এসে দেশের খাল ও জলাশয় রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার দুপুর ১২টায় পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে প্রভাবশালীরা খালের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ করছে এবং অবৈধভাবে ঘরবাড়ি ও মার্কেট নির্মাণ করে সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে। মন্ত্রী স্পষ্ট করে জানান, খাল জনসাধারণের সম্পদ এবং এটি জনগণের ব্যবহারের জন্যই উন্মুক্ত রাখা হবে। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই খাল খনন কর্মসূচিকে একটি বৃহৎ প্রজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্মৃতিচারণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকেই সারা দেশে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তিনি নিজে কোদাল হাতে নিয়ে এই চৌক্কার খাল খনন কাজে অংশ নিয়েছিলেন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। সেই সময়কার মূল লক্ষ্য ছিল খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছের চাষ বৃদ্ধি এবং সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো। খালগুলো সচল থাকলে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয় বলেও তিনি মন্তব্য করেন।
বিগত বছরগুলোর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় সঠিক রক্ষণাবেক্ষণ ও খনন কর্মসূচি বন্ধ থাকায় আজ দেশজুড়ে তীব্র জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বর্জ্যের স্তূপ জমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি নদীতে নামতে পারছে না। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সারা দেশের খালগুলোকে দখলমুক্ত ও সচল করা হবে।
উক্ত কর্মসূচিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা খালের স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে একাত্মতা ঘোষণা করেন।