রাজধানীর আফতাবনগরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নবনির্মিত কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়, যা সংস্থার কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কার্যালয়টির শুভ উদ্বোধন করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা ফয়সাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আসক ফাউন্ডেশন দীর্ঘকাল ধরে সমাজের নির্যাতিত, নিগৃহীত এবং অধিকারবঞ্চিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আফতাবনগরে এই কর্পোরেট অফিস স্থাপনের ফলে সংস্থার আইনি সহায়তা প্রদান ও মানবিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরো আয়োজনটি সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওন-এর সার্বিক তত্ত্বাবধান ও সুনিপুণ পরিচালনায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম মেহেদী হাসান এবং ভাইস চেয়ারম্যান শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের পরিচালক লায়ন হেলাল উদ্দিন হিলু, পরিচালক মোঃ সোহেল মিয়া এবং আজীবন সদস্য মোঃ মাইদুল। এছাড়া মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাংবাদিক নাজমুল মণ্ডলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
দিনটির কর্মসূচি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসক ফাউন্ডেশনের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। তারা অঙ্গীকার করেন যে, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইকে আরও বেগবান করা হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।