বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত এক সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি চৌকস দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া গ্রামের শাহিনের স্ত্রী তানজিলাকে মোবাইল ফোনে জানানো হয় যে, তার স্বামী মহাস্থানে জরুরি প্রয়োজনে ৮ হাজার টাকার সংকটে পড়েছেন। এই খবর পেয়ে তানজিলা টাকা পৌঁছে দিতে আলাদিপুর গ্রামের সৌরভ নামক এক যুবককে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভেড়ামালা আকন্দপাড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ৩-৪ জন অস্ত্রধারী ছিনতাইকারী তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা তানজিলার স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন এবং সৌরভের ব্যবহৃত টিভিএস (১০০ সিসি) মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তারা সৌরভকে রাস্তার পাশে বেঁধে রেখে দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনাটি পুলিশকে অবহিত করার পরপরই শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে থানা পুলিশ দ্রুত আসামিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র ছামছুল (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং ভুক্তভোগী নিজেই উদ্ধারকৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন। এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।