Views: 2

গাজীপুর মহানগরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট আর্মি ক্যাম্পের বিশেষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে মহানগরের সদর মেট্রো থানা এলাকার দুটি বৃহৎ গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন পয়েন্টে হানা দেয় আইনশৃ’ঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন।
অভিযান চলাকালে নিয়ামত সড়ক সংলগ্ন ‘জননী এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই অসংগতি ও অন্যান্য অনিয়মের দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় সদর মেট্রো থানার দেশীপাড়া এলাকায় অবস্থিত ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামক অপর একটি ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার মজুদের প্রমানসহ নানা গুরুতর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এই কঠোর অবস্থান। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদদারি রোধে আগামীতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।