Views: 0

গাজীপুর মহানগরীর যানজট নিরসন এবং পথচারীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত এলাকায় এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টঙ্গী কলেজগেট, বোর্ডবাজার, বড় বাড়ি, মালেকের বাড়ি এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েক শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা পুনরায় জনগুরুত্বপূর্ণ এই ফুটপাতগুলো দখল না করেন।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. মনজুরুল করিম রনি। তিনি সংবাদমাধ্যমকে জানান যে, জনগণের চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে পর্যায়ক্রমে সব এলাকায় এ ধরনের অভিযান চালানো হবে। দীর্ঘদিন পর ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি লক্ষ্য করা গেছে।
এলাকাবাসীর মতে, ফুটপাত দখল হয়ে থাকায় এতদিন তাদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো, যার ফলে প্রতিনিয়ত তীব্র যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হতো। গুরুত্বপূর্ণ এই অভিযানে সংসদ সদস্য ও পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসাইন, গাছা জোনের সহকারী কমিশনার (এসি) এরশাদুর রহমান এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।