Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ তিন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল এক গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, বোর্ডবাজার সংলগ্ন কুনিয়া তারগাছ এলাকায় আনোয়ার ইস্পাতের দক্ষিণ পাশে ফুটওভার ব্রিজের নিচে একদল সশ’স্ত্র অপরাধী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে গাছা থানা পুলিশের একটি চৌকস দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জাহিদ (২৮), মোঃ নিশাত খান (২৬) ও মোঃ সাগর (২০)। গ্রেপ্তারের পর আসামিদের দেহ তল্লাশি করে তিনটি বৃহদাকার ধারালো লোহার ছোড়া উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য যথাক্রমে ২৪.৪ ইঞ্চি, ১৯.৫ ইঞ্চি এবং ১৯ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত এসব দেশীয় অ’স্ত্র প্রদর্শন করে তারা নিয়মিত পথচারীদের গতিরোধ করত এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, অভিযানকালে ধস্তাধস্তির সময় আসামিরা সামান্য আঘাতপ্রাপ্ত হলে তাদের তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ঙ) ধারায় একটি মামলা দায়ের করেছে। মহানগরীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান।