গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আলম হোসেন। নির্বাচনের পরিবেশ সুসংহত রাখতে এবং ভোটারদের মনে আস্থা ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনের পর বিকেলে নির্বাচনী এলাকার আইনশৃ‘ঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নামে যৌথবাহিনী। গাজীপুর-২ নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হয় এক বিশাল গাড়িবহর। এই মহড়ার পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির এক ব্রিফিংয়ে জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এই টহল পরিচালিত হচ্ছে। আইনশৃ‘ঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ মহড়া পুরো নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির জানান, সকাল থেকেই প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি যাচাই করতেই মূলত এই মোটরযান বহর নিয়ে পরিদর্শন করা হচ্ছে। তিনি গাজীপুর-২ আসনের সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের উদাত্ত আহ্বান জানান। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃ‘ঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।