Views: 1

গাজীপুর মহানগরীর গাছা থানা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মহানগরীর শরীফপুর আশরাফ মার্কেট সংলগ্ন প্রগ্রেসিভ স্কুলে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়বস্তু ছিল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামীর পথচলা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাছা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমদাদুল সিপাই। তিনি তার বক্তব্যে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন যে, মহান সৃষ্টিকর্তা যাকে পছন্দ করেন, তাকেই সম্মানের উচ্চাসনে আসীন করেন। তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে যে সম্মান লাভ করেছেন, তা দীর্ঘ সংগ্রামের ফসল। সভাপতির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একইসাথে তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

রাজনৈতিক সফলতার খতিয়ান তুলে ধরে এমদাদুল সিপাই বলেন, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে তাদের ওপর মোট ৬টি ভোটকেন্দ্রের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় ৪টি কেন্দ্রে বিজয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাছা মেট্রো থানা কৃষকদল সভাপতি আমিরুল খান, ৩৪ নম্বর ওয়ার্ড কৃষকদল সভাপতি আলমগীর, ৩৬ নম্বর ওয়ার্ড কৃষকদল সভাপতি এনামুল হক এনাম, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন এবং ৩৪ নম্বর ওয়ার্ড জিয়া সংসদ সভাপতি মাসুদ শেখ। সভায় আমন্ত্রিত অতিথিরা আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফ মন্ডল, ৩৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক আলমগীর সিপাই, থানা শ্রমিকদল নেতা আমীরুল মোল্লা ও স্থানীয় নেতা মিজান সিপাই। এছাড়া গাছা থানা ও বিভিন্ন ওয়ার্ডের যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।