Views: 0

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ চলাকালীন হঠাৎ ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে শ্বাসক’ষ্ট, বমি ও খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ। এদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে রয়েছেন রেশমা, শিল্পী, শাহীনা, রোজিনা, নাছিমা, ফুলি, সুমাইয়া, আফছানা, পারভীন, লাবনী, শ্যামলী, শিফা, সুইটি, মালেকা, মুক্তা, মাহাবুব, আলেয়া, আব্দুর রশিদ, যমুনা, ফেরদৌসি ও সুরুজ মিয়াসহ আরও অনেকে। কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজ শুরু করার কিছুক্ষণ পর, অর্থাৎ সকাল ৯টার দিকে হঠাৎ কারখানায় তীব্র ও অসহনীয় দুর্গ’ন্ধ ছড়িয়ে পড়ে। এর পরপরই বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা ক্রমাগত শ্বাসক’ষ্ট ও বমি অনুভব করতে থাকেন এবং অনেকে খিঁচুনি দিয়ে লুটিয়ে পড়েন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, হাসপাতালে আসা অধিকাংশ শ্রমিকই শ্বাসক’ষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে কেউ কেউ প্যানিক অ্যাটাকও করেছেন। বর্তমানে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকার আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কী কারণে এই রহস্যময় দুর্গ’ন্ধ ছড়িয়েছে এবং শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।