Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে এক নজিরবিহীন ও সংবেদনশীল ঘটনার সাক্ষী হলো শ্রীপুরবাসী। জীবনের চরম নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে প্রকাশ্যে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।
শুক্রবার সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালানোর সময় তাকে এই বিশেষ নিরাপত্তা পোশাকে দেখা যায়। ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীকে এমন রূপে দেখে সাধারণ ভোটার ও পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মাঠ পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তিনি তাঁর জীবনের ঝুঁকির কথা স্পষ্টভাবে জানান। অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন দাবি করেন, নির্বাচনী লড়াইয়ে নামার পর থেকেই তিনি বিভিন্ন মহলের পক্ষ থেকে ক্রমাগত হুমকি-ধমকির শিকার হচ্ছেন। এমনকি মুঠোফোনের মাধ্যমে একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মাঠের পরিবেশ তাঁর কাছে নিরাপদ মনে না হওয়ায় বাধ্য হয়েই আত্মরক্ষার্থে এই জ্যাকেট পরে তিনি জনগণের কাছে যাচ্ছেন।
শ্রীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সচেতন এলাকায় একজন সংসদ সদস্য প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী পোশাক পরে প্রচারণায় নামা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার ডালপালা মেলছে। স্থানীয় সচেতন ভোটাররা মনে করছেন, এই ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের ওপর একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। প্রার্থীর নিরাপত্তার বিষয়টি এখন জনমনে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।