Views: 0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় অর্ধশত শিক্ষার্থী এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের সেশনজটের কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছেন। এর ওপর করোনা মহামারী এবং গত বছরের জুলাই আন্দোলনের প্রভাবে তাদের শিক্ষাজীবন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। মানবিক দিক বিবেচনা করে চলতি মাসের ৫ তারিখে পরীক্ষার খাতা পুনরায় দেখার আবেদন করা হলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সমাধান মেলেনি। শিক্ষার্থীরা অবিলম্বে গ্রেস মার্ক দিয়ে তাদের উত্তীর্ণ করার দাবি জানিয়েছেন।
আন্দোলনরতদের অভিযোগ, অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়েছেন, অথচ তাদের পাশেই অপেক্ষাকৃত দুর্বল পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ঠিকই উত্তীর্ণ হয়েছেন। এছাড়া অনার্স ও ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্যের বিষয়টিও মানববন্ধনে জোরালোভাবে উঠে আসে। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী তানিয়া বেগম, ভাবনা, রাকিবুল ইসলাম নয়ন, রায়হান মিয়া ও খায়রুল আলমসহ আরও অনেকে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানতে চাইলে আইনশৃঙ্খলা বিষয়ক পরিচালক আতাউর রহমান মুঠোফোনে জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত রয়েছে। তাদের সমস্যা নিরসনের প্রক্রিয়াটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।