Views: 0

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে রোববার (১৯ এপ্রিল) স্থানীয় ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এদিন সকালে বেনাপোল বলফিল্ডের সামনে আয়োজিত বিশাল মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন কয়েকশ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, জনগুরুত্বপূর্ণ এই জনপদে পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকা চরম উদ্বেগের বিষয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বলফিল্ড থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে উত্তেজিত ছাত্র-জনতা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। অবরোধের ফলে দীর্ঘ দুই ঘণ্টা দেশের এই ব্যস্ততম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
আন্দোলনকারীদের দাবি, বেনাপোল বন্দরে প্রতিদিন প্রায় ২০ হাজার শ্রমিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকেন। এছাড়া প্রতিদিন কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করলেও জরুরি প্রয়োজনে সেবা দেওয়ার মতো কোনো আধুনিক হাসপাতাল এখানে নেই।
বক্তারা আরও বলেন, কোনো জরুরি রোগী বা দুর্ঘটনার শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোরে নিয়ে যেতে হয়। যাতায়াতের দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে পথেই অনেক রোগীর অবস্থার অবনতি ঘটে এবং সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃ’ত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। স্থানীয়দের জীবন রক্ষায় বেনাপোলে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন কর্মসূচি পালনকারীরা।