Views: 0

ডে’ঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানান, জনস্বা’স্থ্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শনিবার সকালে পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর বক্তব্যে আড়ম্বরহীন কর্মপদ্ধতির ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগই আসল। নিয়মিত নদী ও খাল পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন মরণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। উল্লেখ্য, রাজশাহীর এই উদ্বোধনী অনুষ্ঠানে সুযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী কোনো স্টেজ বা মাইক্রোফোন ব্যবহার করেননি এবং কোনো প্রথাগত আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। অতীত বিতর্কের চেয়ে বর্তমানের জঙ্গল পরিষ্কার করা এবং নদী-নালা সচল রাখা রোগ প্রতিরোধের জন্য বেশি জরুরি। এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।
বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। গত বুধবার এক বিশেষ ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর আহ্বানের ধারাবাহিকতায় আজ থেকে দেশব্যাপী এই সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হলো।