Views: 6

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, হামলা, গু’লিব’র্ষণ ও ককটেল বিস্ফো’রণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে বাসন থানার চাঁন্দপাড়া তালতলা এলাকায় অবস্থিত ম্যানল ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন স্থানে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ভুক্তভোগীদের দাবি, ঝুট সংগ্রহের সময় অতর্কিত এই হামলায় কয়েক রাউন্ড গু’লি ও ককটেল বিস্ফো’রণ ঘটানো হয়েছে। একইসঙ্গে একটি মোটরসাইকেলে অ’গ্নিসংযোগ এবং নগদ টাকাসহ ঝুট বোঝাই ট্রাক লুটের অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, খান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কৌশিক খানের সঙ্গে সংশ্লিষ্ট কারখানার ঝুট ক্রয়-বিক্রয়ের একটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। সেই চুক্তি মোতাবেক সকালে তারা ঝুট সংগ্রহ করতে গেলে দেশীয় অ’স্ত্রে সজ্জিত প্রায় দুই থেকে আড়াইশ জন লোক তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ উঠেছে, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে রামদা, লাঠিসোটা ও আ’গ্নেয়া’স্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা সিরাজুল হক। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং ব্যক্তিগত কাজে এলাকার বাইরে অবস্থান করছিলেন। সিরাজুল হকের মতে, আসন্ন কাউন্সিলর নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বিধায় তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রচারণা ছড়াচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।