Views: 4

গাজীপুর মিডিয়া সেন্টারে গত শুক্রবার বিকেলে যথাযথ মর্যাদায় দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ও সভাপতির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশেষ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান মিয়া জামান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং সমাজের দর্পণ। তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমেই সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ চিত্র ফুটে ওঠে, যা অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখে। তবে সুস্থ ধারার সাংবাদিকতা বজায় রাখতে অপসাংবাদিকতার হাত থেকে এই পেশাকে রক্ষা করা জরুরি।
অনুষ্ঠানে পারিবারিক ঐতিহ্যের স্মৃতিচারণ করে কামরুজ্জামান মিয়া জামান আরও বলেন, তার পিতা গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি মানুষের সেবা করার শিক্ষা পেয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের অবশিষ্ট সময় তিনি জনসেবায় উৎসর্গ করতে চান। এরই ধারাবাহিকতায় তিনি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক তদারকিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান এবং জাহাঙ্গীর আকন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।