গাজীপুর মহানগরীর হাজীরপুকুর এলাকায় একটি অসমাপ্ত ফুট ওভারব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লা’শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উদ্ধারকৃত লা’শের পরনে কালো রঙের প্যান্ট ও সোয়েটার ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০ জানুয়ারি থেকেই ওই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে জনমনে গভীর সন্দেহ দেখা দিলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে দ্রুত সহায়তা চান। স্থানীয়দের দাবি, ৯৯৯ থেকে গাছা থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হলেও তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নির্বাচনী ব্যস্ততার কারণে তাৎক্ষণিক সেবা প্রদান করা সম্ভব নয়। ফলে দীর্ঘ সময় ধরে ম’রদেহটি সেই পরিত্যক্ত স্থানেই পড়ে থাকে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।
শনিবার বিকেলে স্থানীয়রা হাজীরপুকুর সংলগ্ন ওই ফুট ওভারব্রিজের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা স্থানে প্রচুর মাছির আনাগোনা দেখে পুনরায় সন্দিহান হয়ে ওঠেন। এরপর কৌতূহলবশত সেখানে থাকা ঢাকনা খুলে ভেতরে ম’রদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় লা’শ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এর আগে পুলিশের কাছে এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য বা সংবাদ ছিল না। আজ খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লা’শ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃ’ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।