Views: 0

গাজীপুরে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজন কসাইকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানাধীন পশ্চিম শৈলডুবী এলাকায় কাশিমপুর মেট্রো থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোপন কারখানায় ১০টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছিবুল ইসলাম ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অপরাধে প্রধান কসাই আলফাজ সরকারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জবাইকৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন আদালত।
কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে খোলা কাগজকে বলেন, অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া দৈনিক নববাণীকে জানান, ওই এলাকায় জনৈক জহিরের গরুর ফার্মের আড়ালে পরিচালিত একটি গোপন কারখানায় ১০টি ঘোড়া জবাইয়ের সময় ৯ জন কসাইকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
আটক কসাইরা হলেন শাহীনুর (৩৫), আলফাজ সরকার (৪৫), সিরাজুল (৬০), করিম (৩৭), তাজরুল (২৯), ফরহাদ (৩২), নজরুল ইসলাম (৩৫), বিল্লাল মিয়া (৫২) ও রায়হান (২৫)।