Views: 0

রাজশাহীর বাঘা উপজেলায় কর্মরত প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) আবু সাঈদ চাঁদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আবু সাঈদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ মাদক, সুদ এবং ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা, সুদের কারবার, ইমু বা বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধভাবে পুকুর খনন সহ্য করা হবে না। এই ধরনের অপকর্মের সাথে জড়িত ব্যক্তি বা তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না—তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের কোনো রকম সুপারিশ গ্রহণ না করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনকে কড়া নির্দেশ প্রদান করেন। চারঘাট ও বাঘার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি তার বক্তব্যে অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এবং পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনব চৌধুরী। এছাড়াও মৎস্য অফিসার তহুরা হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল, বন সংরক্ষক মাহবুব ইসলাম, নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, সমবায় অফিসার শফিকুল ইসলাম এবং খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, যুব উন্নয়ন অফিসার জহরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এজাজুল আলম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর ইকবাল হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মোমিন, আইসিটি অফিসার আব্দুল কুদ্দুস, তথ্যসেবা কর্মকর্তা নুসরাত জাহান এবং বিএমডিএ সহকারী প্রকৌশলী হানিফ ইকবালসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।