Views: 0

গাজীপুরের পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই শিশু সন্তানসহ এক নারীর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া ফাটপার এলাকার রেল ক্রসিং সংলগ্ন স্থানে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নি’হত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নি’হত দুই শিশুও মালা বেগমের সন্তান বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার সকালে মালা বেগম তার দুই শিশুসন্তানকে নিয়ে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সেই সময় ট্রেন আসতে দেখে রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার তাদের সতর্ক করতে এবং লাইন থেকে সরে যাওয়ার জন্য বারবার চিৎকার করেন। একপর্যায়ে মালা বেগমের মেয়ে লাইন থেকে সরে যাওয়ার উপক্রম করলে হঠাৎ মালা বেগম তাকে ও সাথে থাকা অপর শিশুকে জাপ্টে ধরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তানের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই করুণ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।