গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে অবৈধ সংযোগের পাশাপাশি প্রায় ৩০ টিরও বেশি বৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় ৮০ বছরের বৃদ্ধা রোসনা খাতুন কান্নায় ভেঙে পড়েন। বৈধ গ্যাস সংযোগ যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে এমনই অভিযোগ তিতাসের বিরুদ্ধে। ডিসেম্বর মাসের বকেয়া বিল পরিশোধ থাকলেও সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। হাতে গ্যাস বিলের রশিদ নিয়ে হতবাক অশ্রুশিক্ত নয়নে সাংবাদিকদের বলছিলেন তাঁর অসহায়ত্বের কথা।
মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় অবৈধ গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস লাইনের পাশাপাশি ৩০টির বেশি বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে দাবি স্থানীয় ভুক্তভোগীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন বৈধ গ্রাহকরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গ্রাহকদের বৈধ কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করলে দ্রুত সংযোগের ব্যবস্থা করা হবে।