আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গাজীপুর-২ নির্বাচনী এলাকা। ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক অভূতপূর্ব প্রচারণার দৃশ্য দেখা যায়। এদিন সকাল থেকেই শতাধিক প্রতিবন্ধী নাগরিককে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়ান বিএনপির নেতাকর্মীরা। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করে।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রতিবন্ধীরা কেবল উপস্থিতই ছিলেন না, বরং তারা অত্যন্ত উৎসাহের সাথে লিফলেট বিতরণ এবং পথসভায় অংশ নেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, আগামীতে ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এই প্রচারণা টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ে। পথসভাগুলোতে বক্তারা বলেন, প্রতিবন্ধী নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী। সমাজের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়াই তাদের মূল লক্ষ্য। উক্ত প্রচারণায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন।