Views: 0

গাজীপুর মহানগরের শিক্ষা প্রসারে অন্যতম বিদ্যাপীঠ খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের সঠিক বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন সামাদ সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মোঃ আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের প্রকৌশলী ও উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই খন্দকার।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।