গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন দক্ষিণখান এলাকায় ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট ও সাবান তৈরি এবং প্যাকেটজাত করে বাজারজাতকরণের অপরাধে ‘ইনোভেটিভ হোম কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৭.০০ থেকে ১৮.০০ ঘটিকায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাশফিকুর রহমান আবরারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স থাকলেও তারা কেয়া, বিএমটিএফ, মিনিস্টার এবং কাজী ব্র্যান্ডের মতো দেশের প্রখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নাম ও লোগো নকল করে নিম্নমানের ডিটারজেন্ট ও সাবান প্রস্তুত করে আসছিল। এই অবৈধ কর্মকাণ্ড এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।