গাজীপুরের টঙ্গীতে অপরাধীদের দমনে এক দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযানের খবর পাওয়া গেছে। চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ধারালো অ’স্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। সাহসিকতার চরম পরিচয় দিয়ে আহত অবস্থাতেই তিনি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ছিনতাইকারী শাওন ও সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গাজীপুর মহানগরীর সাতাইশ-সুখিনগর এলাকায় নিয়মিত অপরাধ দমন ও ছিনতাইকারীদের দমনে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেলে আটকের চে’ষ্টা করতেই ছিনতাইকারীরা প্রাণঘাতী হামলায় মেতে ওঠে।
ঘটনাস্থলে দু’ষ্কৃ’তকারীদের ধারালো ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হন এসআই হানিফ মাহমুদ। আঘাতের তোড়ে র’ক্ত’ক্ষরণ শুরু হলেও তিনি বিন্দুমাত্র পিছু হটেননি। নিজের জীবন বাজি রেখে ছিনতাইকারীদের ধাওয়া করে সাহসিকতার সাথে দুজনকেই ঘটনাস্থল থেকে আটক করেন। পরবর্তীতে অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ছুরিকাঘাতে গুরুতর আহত এসআই হানিফ মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।