লাখো মুসল্লির সমাগম, কোরআন-হাদিসের তাৎপর্যপূর্ণ আলোচনা এবং নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে দাওয়াতে ইসলামীর ২০২৬ সালের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর আবেগঘন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজনের ইতি টানা হয়।
প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে তোয়াক্কা না করে বিশাল প্যান্ডেলের ভেতরে ও বাইরে শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান নেন দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিরা। আখেরি মোনাজাত চলাকালে লাখো মুসল্লি দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে কান্নাজড়িত কণ্ঠে ফরিয়াদ জানান। পুরো ইজতেমা প্রাঙ্গণ এ সময় ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামীর বিশ্বব্যাপী দাওয়াতি কার্যক্রমের তত্ত্বাবধায়ক আল্লামা ইমরান আত্তারী। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য মহান রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা হয়।
এর আগে জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রেজা আত্তারী আল-মাদানী। জুমার পূর্ববর্তী মূল বয়ান উপস্থাপন করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী।
ইজতেমার শেষ দিনে ভোর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগরা কোরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো তুলে ধরেন। এসব আলোচনায় শরিয়তের বিধিবিধান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, তাকওয়া বা আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের পরিণাম, নামাজের গুরুত্ব, বেনামাজির পরিণতি, ব্যভিচার থেকে আত্মরক্ষা, কোরআন-হাদিসের আলোকে জীবন গড়া এবং মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এ সময় হামদ, নাত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা ময়দানে এক গভীর ধর্মীয় আবহ তৈরি হয়। ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা কাওসার আত্তারী।
বয়ানে বক্তারা উল্লেখ করেন, মহান আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাত যথাযথভাবে মেনে চলার মধ্যেই মানবজাতির প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। মানুষের নিয়ত, চিন্তাচেতনা ও কর্মজীবন মহান আল্লাহ এবং তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। রাসুলের আদর্শ ধারণের মাধ্যমেই ইহকাল ও পরকালের মুক্তি অর্জন সম্ভব।
বক্তারা আরও জানান, প্রতিটি মুসলমানের কর্তব্য হলো শরিয়তসম্মত উপায়ে নিয়মিত নামাজ আদায় করা এবং ইসলামের সৌন্দর্য ও নেকির দাওয়াত বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখা।
দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী ইজতেমা সুচারুভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর-মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বয়ানে উঠে আসা গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান তিনি।
গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া তিন দিনের এই ইজতেমায় দেশের নানা প্রান্ত থেকে লাখো আশেকে রাসুল (সা.) শামিল হন। বিষয়ভিত্তিক বয়ান, জিকির-আজকার, হামদ-নাত ও ধর্মীয় আলোচনায় প্রাণবন্ত ছিল পুরো ইজতেমা ময়দান।
প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও টানা তিন দিন ও তিন রাতের এই আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে আয়োজক সূত্রে নিশ্চিত করা হয়েছে। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবার জন্য আলাদা মেডিকেল ক্যাম্প চালু রাখা হয়েছিল। দাওয়াতে ইসলামীর স্বেচ্ছাসেবী কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
আখেরি মোনাজাত শেষে মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় তিন, ১২, ৩০ ও ৬৩ দিনের সফরের উদ্দেশ্যে সংগঠনটির ১১২টি টিমের মাধ্যমে মাদানি কাফেলা যাত্রা শুরু করে।