জুলাই গণঅভ্যু’ত্থানের শহীদদের আ’ত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষায় এবং তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। তিনি জোর দিয়ে বলেন, শহীদদের র’ক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা যাবে না এবং দেশে একটি পূর্ণাঙ্গ ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
বৃহস্পতিবার বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের নিচে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগরের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই গণঅভ্যু’ত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় একটি অত্যন্ত গু’রুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। শহীদরা এমন একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যা প্রতিষ্ঠা করা কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনে দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, সংবিধান সংস্কারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, তবে দেশের বৃহত্তর স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। চলমান সকল সংস্কার কার্যক্রমে সব ধরনের রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এই জামায়াত নেতা বলেন, কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে তাদের আন্দোলন-সংগ্রামের পথ থেকে বিচ্যুত করা যাবে না। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দেশে কোনো ধরনের সংঘাত বা প্রতিহিংসার রাজনীতি চান না, বরং জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহনশীলতার পরিবেশ দেখতে চান। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেন, সর্বস্তরের জনগণের প্রত্যাশা ও ভাষা বোঝার চেষ্টা করা জরুরি এবং কোনোভাবেই যেন জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি না করা হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, জুলাই সনদ ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পূর্বে দেওয়া কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে বর্তমানে সরে আসা হয়েছে। অন্যদিকে, শহীদদের পরিবারের প্রতি জামায়াতে ইসলামীর স্থায়ী সহমর্মিতার কথা তুলে ধরে তিনি জানান, দলটি সম্পূর্ণ নিজস্ব দায়িত্ববোধ থেকেই শুরু থেকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং এর বিনিময়ে কোনো রাজনৈতিক প্রতিদান প্রত্যাশা করে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রব বলেন, জুলাই গণঅভ্যু’ত্থানের বীর শহীদরা সমগ্র জাতির গৌরব। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের মৌলিক অধিকার পুরোপুরি বজায় রাখার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, গাছা থানা আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা আমীর ছাদেকুজ্জামান খান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই গণঅভ্যু’ত্থান ছিল মূলত জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজপথের আন্দোলন। তিনি অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়ে সতর্ক করে বলেন, সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে যদি উপেক্ষা করা হয়, তবে তার জন্য চরম রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।