আন্দোলনের মুখে গাজীপুরের ৭০ কারখানায় ছুটি ও ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
[shared_counts] অ+ অ-
আন্দোলনের মুখে গাজীপুরের ৭০ কারখানায় ছুটি ও ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের তীব্র আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। চলমান এই অস্থিরতার জেরে কর্তৃপক্ষ ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

​এদিন ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি, বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও ঢাকা-জয়দেবপুর সড়কের তিন সড়ক পয়েন্টেও শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। গুরুত্বপূর্ণ এসব সড়ক অবরোধের চেষ্টায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

​এদিকে, কোনাবাড়ী এলাকার ইসলাম ও রিপন গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পরপরই আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে থাকে।

​সার্বিক বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেন। এতে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

​অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন নিশ্চিত করেছেন যে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৩ প্লাটুন বিজিবির পাশাপাশি শিল্প পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।