টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নি’কা’ণ্ড, শিশুসহ একই পরিবারের ৩ জন দ’গ্ধ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
[shared_counts] অ+ অ-
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নি’কা’ণ্ড, শিশুসহ একই পরিবারের ৩ জন দ’গ্ধ

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও ছয় বছরের এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

​অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন—মনিরা আক্তার (৩০), তাঁর ছয় বছর বয়সী শিশুপুত্র আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং তরিকুল ইসলাম (২৬)।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন একটি বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে এই আগুনের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন বাসিন্দারা। এ সময় আগুনের তাপে পরিবারের ওই তিন সদস্য দগ্ধ হন।

​দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গুসুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (আইএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

​এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম সোমবার সকালে জানান, পশ্চিম দাঁড়াইলের অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।