বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরা
বেতন বাড়ানোর দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। রবিবার (২২ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় মহাসড়ক থেকে তাদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই উত্তেজনার জেরে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কাছাকাছি কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরেই কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে তারা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে প্রায় পাঁচ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
সংবাদ পেয়ে দ্রুতই গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সংলগ্ন আনসার রোডের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন।
মিছিলটি আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে পৌঁছালে শ্রমিকরা সেখানে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় একত্রিত হন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।
এ প্রসঙ্গে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে, শিল্পাঞ্চলে নতুন করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ওই এলাকায় মোতায়েন রাখা হয়েছে।

