রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদকে এক বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করেছে বাঘার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
কলেজ অধ্যক্ষ নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বাঘা উপজেলার নারী শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে কলেজটিকে অতিদ্রুত সরকারি করার আহ্বান জানান কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্রীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল নির্মাণ এবং প্রতিষ্ঠানের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে একটি বহুতল ভবন নির্মাণের জোরালো দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কলেজের উত্থাপিত দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাঘা উপজেলার নারী শিক্ষার প্রসারে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের ভূমিকা অনস্বীকার্য। প্রতিষ্ঠানটিকে সরকারিকরণ, নতুন ভবন নির্মাণ এবং আবাসন সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এমপি আবু সাইদ চাঁদ আরও বলেন, দেশের সামগ্রিক নারী শিক্ষার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আশা করা যায়, খুব দ্রুতই বাঘার এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ইতিবাচক ফলাফল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দেখতে পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাম্মী আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নূরুজ্জামান খান মানিক, সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন রিয়াল, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং বাঘা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।