গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি অর্থায়নে নবনির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের অংশ ধসে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নবনির্মিত ব্রিজের দুই পাশের সড়কের মাটি ও কার্পেটিং সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ধসে যাওয়া অংশ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত সোমবার (৪ মে) দিবাগত রাতে আকস্মিকভাবে সড়কের একটি বিশাল অংশ ধসে পড়ে। ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা ব্যয়ে নির্মিত এই ৫৫ মিটার দীর্ঘ সেতুটি স্থানীয়দের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচনের কথা থাকলেও এখন তা দুর্ঘটনার মরণফাঁদে পরিণত হয়েছে। মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে মাত্র এক মাস আগে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কারিগরি ত্রুটির কারণেই সামান্য বৃষ্টি বা সময়ের ব্যবধানে সড়কটি ধসে পড়েছে। বড় অংকের বাজেট সত্ত্বেও কাজের গুণগত মান বজায় না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে থাকা পথচারী ও চালকরা দ্রুত সড়কটি স্থায়ী সংস্কার এবং এই অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। তবে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন জানান, অতিবৃষ্টির প্রভাবে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্পের কাজের মেয়াদ এখনো শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।