রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর শিমুলতলা ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ২ লাখ টাকা অর্থদ‘ণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে শিমুলতলা ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী এলাকা ও পার্শ্ববর্তী ফসলি জমি ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছিল। স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসন ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী পরিবেশ ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন।