Views: 2

রাজশাহী মহানগরীতে ওজনে কারচুপি, বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধ ব্যবহার এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে সামারি ট্রায়াল কোর্ট। বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার ও আরডিএ মার্কেট এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়’ন্ত্রণে মেট্রোপলিটন আদালতের এই বিশেষ পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
অভিযান চলাকালীন সাহেব বাজার গুড়পট্টি এলাকার মৌচাক মিষ্টান্ন ভান্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করে আসছিল, যার ফলে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং অনুমোদিত কারখানার বাইরে ‘ফার্মেন্টেড মিল্ক বা মাঠা’ উৎপাদন ও বিতরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপর আরডিএ মার্কেটের শেখ গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর নেতৃত্বে এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফজলে এলাহী এবং বিএসটিআই বিভাগীয় অফিসের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মো. মসফিকুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ র্যাব-৫ ও পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে সহায়তা করেন। সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, মহানগরীর খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও সামারি কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।