অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে মহানগরীর খাইলকুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিফাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের সক্রিয় সদস্য এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি প্রকাশিত ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, চলতি মাসে তাঁর বিদ্যুৎ বিল এসেছে চার হাজার টাকা এবং পূর্ববর্তী মাসে এসেছিল পাঁচ হাজার টাকা। এই অতিরিক্ত বিলের ক্ষোভ থেকে ভিডিওটিতে তিনি প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীলদের উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করেন।
উক্ত ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। তথ্যের ভিত্তিতে গাছা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে নিজ এলাকা থেকে আটক করে।
এদিকে সিফাতকে অভিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে এনসিপি নেতা আলী নাসের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্টিমেটাম দিলে মাঠপর্যায়ের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা গাছা থানা প্রাঙ্গণে জড়ো হলে এনসিপি সমর্থকদের সাথে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উপস্থিত পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ মুহিম ঘোষণা দিয়েছেন, সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শুক্রবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।