গাজীপুরের টঙ্গীর বহুল আলোচিত হাজির মাজার বস্তিতে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দীর্ঘদিন ধরে মাদকের প্রধান হটস্পট হিসেবে পরিচিত এই এলাকার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাজউক তাদের নিজস্ব জমি সম্পূর্ণ দখলমুক্ত করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় এই অভিযান শুরু হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ব্যবহার করা হয় ভারী পে-লোডার ও এস্কেভেটর। সেই সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকও এতে অংশ নেন। অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে পুরো এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।
রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা সরকারি প্লটের অবকাঠামো একে একে ভেঙে ফেলা হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, এই বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অন্যতম আখড়া ছিল। আইনশৃ’ঙ্খলা বাহিনী বিভিন্ন সময় পদক্ষেপ নিলেও এটি পুরোপুরি নিমূল করা সম্ভব হয়নি। এই উচ্ছেদের মাধ্যমে সেই মাদক কারবারের আস্তানাগুলো সম্পূর্ণরূপে ধূলিসাৎ হলো।
অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, টঙ্গীকে মাদকমুক্ত করতে এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গু’রু’ত্ব’পূর্ণ। উ’দ্ধার করা জমিতে যেন নতুন করে কোনো অপরাধমূলক আস্তানা গড়ে না ওঠে, সে বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। অন্যদিকে রাজউকের উপ-পরিচালক মো. লিটন সরকার জানান, প্রশাসনের সহায়তায় নিজেদের প্লট বুঝে পাওয়া গেছে এবং সামনে আরও এমন অভিযান পরিচালিত হবে। উদ্ধার করা জমি পুনরায় জবরদখল রোধে প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজউক ও স্থানীয় প্রশাসন।