টঙ্গীতে অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, মিথ্যা তথ্যে দুই সোর্স গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
টঙ্গীতে অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, মিথ্যা তথ্যে দুই সোর্স গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য। এ সময় ডিবি সদস্যদের সঙ্গে থাকা দুই কথিত সোর্সসহ তাঁদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই সোর্সকে গ্রেপ্তার করে।

​শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর এরশাদনগর বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার ও শান্ত। তাঁরা দুজনই এরশাদনগর এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দুই সোর্সকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশের একটি দল এরশাদনগর বড় বাজারের একটি বন্ধ দোকানের সামনে যায়। একপর্যায়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় স্থানীয় দোকান মালিক সমিতির সদস্যরা ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চাইলে ডিবি সদস্যরা তাঁদের নিজেদের লোক বলে পরিচয় দেন।

​স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যবসায়ীদের ফাঁসানো ও হয়রানি করার উদ্দেশ্যে ওই দুই সোর্স পরিকল্পিতভাবে দোকানের ভেতরে দেশীয় অস্ত্র রেখে আসামি ধরার নাটক সাজানোর চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তেজিত হয়ে ডিবি সদস্যদের সঙ্গে থাকা দুই সোর্সসহ তাঁদের অবরুদ্ধ করে রাখেন।

​খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ডিবি সদস্যদের উদ্ধার করে। পরে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই সোর্সকে আটক করা হয়।

​এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানে কিছু না পাওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ায় দুই সোর্সকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছিল, তা সমাধান হয়েছে।”

​টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই সোর্সকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

​এদিকে, ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বন্ধ দোকানের তালা ভেঙে প্রবেশ, তল্লাশির উদ্দেশ্য এবং দোকানের ভেতরে দেশীয় অস্ত্র রাখার অভিযোগ নিয়ে আলোচনা চলছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।