গাজীপুরের টঙ্গীতে পুলিশের একটি বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনিকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ কেরানীরটেক এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাকসুদা আক্তার টুনি গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।
টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনি কেরানিরটেক এলাকায় অবস্থান করছেন—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে টুনিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি টুনিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।