বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বি‘রুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) জামিন দিয়েছেন আদালত। রবিবার (২১ জুন) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী তানজিম আল মেজবা বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীপক্ষের আইনজীবীর কোনো আপত্তি না থাকায় চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিনের আদেশ দিয়েছেন। আইনগত প্রক্রিয়া ও বেলবন্ড দাখিলের পর আজই কারামুক্ত হওয়ার কথা রয়েছে এই সাংবাদিকের।
ঘটনার সূত্রপাত হয় যখন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন বাদী হয়ে গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান ও মো. শামসসহ মোট ছয়জনকে আসামি করা হয়।
মামলার পর গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের বাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছিল। তবে রবিবার জামিন লাভের খবরে সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে।