আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনবল পাঠানো এবং বৈধ উপায়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সদ্য নির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি বাহিনীর সহযোগী সংস্থা ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে বৈদেশিক কর্মসংস্থান পরিচালনার জন্য রিক্রুটিং লাইসেন্স প্রদান করা হয়।
বুধবার(২৮-১০-২০২৬ইং তারিখ) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। আয়োজনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। একই অনুষ্ঠানে ‘প্রান্তিক ট্রাভেলস’, আধুনিক স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং আনসার উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ারবিষয়ক নানা কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি একাডেমির প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অংশ নেন এবং পরবর্তীতে নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কারিগরি সুবিধা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্ত্রী ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা প্রশিক্ষণ এবং ল্যাঙ্গুয়েজ ল্যাব পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের এই সর্বাধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।
এরপর মূল অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমের সহায়তায় ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই পর্যায়ে আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ জাপানের তিনটি বিশিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আনসার-ভিডিপির সদস্যদের দক্ষতা বিকাশ ও কর্মসংস্থানের নানা সুযোগ নিয়ে আলোচনা করেন।
স্বাগত ভাষণে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের জীবনযাত্রার মানোন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের ১৮০ দিনের লক্ষ্যমাত্রার আলোকে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে এবং জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে উন্মোচিত হতে যাওয়া বিশাল কর্মসংস্থানের বাজার ধরতে বাহিনীর প্রশিক্ষিত কর্মীরা সম্পূর্ণ প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কর্মীদের সুনাম বজায় রাখতে প্রশিক্ষণ ও নিয়ম মেনে চলা অপরিহার্য উল্লেখ করে তিনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল কাঠামোর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ শ্রমিক পাঠাতে সরকারের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির এই প্রকল্প গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হবে। রিক্রুটিং লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাহিনীর এই অভিবাসন কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, সুশৃঙ্খল ও গতিশীল রূপ নেবে। সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় রেখে এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বৈধ উপায়ে বিদেশগমনের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, প্রান্তিক শক্তি লিমিটেড রিক্রুটিং লাইসেন্স পাওয়া এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় বাহিনীর সদস্যদের জন্য নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো। কারিগরি ও ভাষাগত দক্ষতার মাধ্যমে দক্ষ জনবল তৈরির পাশাপাশি এটি মধ্যস্বত্বভোগীদের প্রতারণা রোধেও কার্যকরী ভূমিকা রাখবে। একই সঙ্গে আনসার উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের প্রবাসী ঋণ ব্যবস্থা বিদেশগমনপ্রত্যাশীদের আর্থিক জটিলতা অনেকটাই কমিয়ে আনবে।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং পরবর্তীতে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।