
গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গভীর রাতে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, ওই এলাকার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ রেখে কেনাবেচা চলছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মো. দাদন মিয়া (৩২) ও মো. শিহাব উদ্দিন (২২) নামের দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ২১ হাজার টাকা।
অভিযানকালে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।