
গাজীপুর জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এই সম্মেলনে ক্যাম্পেইনের সার্বিক লক্ষ্য, ব্যাপক প্রস্তুতি এবং জনসচেতনতামূলক বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এবং মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা। পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন সিএস অফিসের পরিসংখ্যানবিদ মো. আমান উল্লাহ।
উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এবারের ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকার আওতায় এনে সুরক্ষা নিশ্চিত করা।
সম্মেলনে উপস্থিত এমও ডিসি ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মাহবুবা সুলতানাসহ অন্যান্য চিকিৎসক ও সাংবাদিক রেজাউল বারি বাবুল স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫৪ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে আশার কথা হলো, সঠিক চিকিৎসার মাধ্যমে আক্রান্তদের বড় একটি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত জেলায় কোনো মৃ'ত্যুর ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, হাম ও রুবেলা প্রতিরোধে নিয়মিত টিকাদানই হচ্ছে সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়। ভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু'ত্ব ও অকাল মৃ'ত্যু থেকে রক্ষা করতে সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জোরালো আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।