
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী গতকাল শনিবার দিনব্যাপী জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। একই দিনে তিনি কালিয়াকৈর উপজেলায় জুলাই গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এই সফরের মাধ্যমে তিনি স্থানীয় উন্নয়নের গতিধারা পর্যবেক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
দুপুরে কালিয়াকৈর ডাক বাংলো প্রাঙ্গণে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মতবিনিময় এবং অনুদান বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উন্নয়ন ও জুলাই যোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, গাজীপুর জেলার প্রতিটি উন্নয়নমূলক কাজকে টেকসই এবং জনকল্যাণমুখী করতে জেলা পরিষদ বদ্ধপরিকর। তিনি সাফ জানিয়ে দেন যে, প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। জনগণের অর্থে পরিচালিত এই প্রকল্পগুলোতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে যারা রাজপথে রক্ত দিয়েছেন এবং লড়াই করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জুলাই যোদ্ধাদের সাহস ও আ'ত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের সেই ত্যাগের প্রতি সম্মাননা মাত্র এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতায় জেলা পরিষদ সর্বদা পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহবায়ক মোঃ মামুদ সরকার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন। বক্তারা জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মানিত করার এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফকরুল হোসাইনের সঞ্চালনায় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী জুলাই যোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।