
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৫ নং গোসাইপুর ইউনিয়নের পূর্ব মাটিয়াকুড়া ধাতুয়ামুখী রাস্তাটি বর্তমানে অত্র অঞ্চলের মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই পথটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার সিংহভাগ অংশই বর্তমানে চলাচলের অযোগ্য। বৃষ্টির পানি জমে কাদার ভাগাড়ে পরিণত হওয়া সড়কে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি সম্পূর্ণ অচল হয়ে যায়, অথচ দুর্ভোগ লাঘবে কোনো নেতা বা কর্মকর্তা আজ পর্যন্ত এগিয়ে আসেননি। বারবার মৌখিক অভিযোগ জানিয়েও কোনো সুফল না পাওয়ায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবর্ণনীয় এই কষ্ট থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।