
রাজশাহী মহানগর এলাকায় জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই সামারি ট্রায়ালে অস্বা'স্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের এই ঝটিকা অভিযানে ব্যবসায়ী মহলে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আদালত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজশাহী মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের বিশেষ নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ। অভিযানের শুরুতে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে তল্লাশি চালানো হয়। সেখানে দেখা যায়, লাচ্ছা সেমাই সম্পূর্ণ খোলা অবস্থায় রেখে বিক্রি করা হচ্ছে এবং প্যাকেটের গায়ে কোনো প্রকার মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের এই সুস্পষ্ট অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অভিযানিক দলটি পরবর্তীতে বিসিক শিল্প এলাকার ‘রাতুল বেকারি’-তে হানা দেয়। সেখানে অত্যন্ত নোংরা ও অস্বা'স্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খোলা অবস্থায় সেমাই সংরক্ষণ এবং জনস্বা'স্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের অকাট্য প্রমাণ পায় আদালত। এসব গুরুতর অপরাধের দায়ে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদ'ণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্ক প্রতিষ্ঠানেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সমাপ্তি শেষে আদালতের নাজির সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে আদালতের এই কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।